মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, ‘এই বছর থেকে সরকার প্রত্যেক মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিবে। মহান স্বাধীনতা ও বিজয় দিবসে বিশেষ ভাতা দেওয়া হবে। বৈশাখী ভাতা দেওয়া হবে।’ রবিবার দুপুরে মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের পাটগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী আমানতুল্যা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম ।
আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া রাজাকারদের বিষয়েও তুলে ধরতে হবে।’
তিনি আরও বলেন,‘আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতেও তিনি দেশকে নেতৃত্ব দিয়ে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। এখনও যারা নৌকায় উঠেনি, এখনই তাদের নৌকায় উঠতে হবে।’
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যদি কেউ ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে অভিযোগ করে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আবার যদি প্রকৃত কোনও মুক্তিযোদ্ধা বাদ পড়ে, আবেদন করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সাংসদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত আসনের সাংসদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম নাজু প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: সুদীপ্ত হত্যা মামলায় গ্রেফতার রুবেল দুই দিনের রিমান্ডে