জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধা জেলাগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত রাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লাইলী বেগম (৩২) নামে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার ( ৫ মার্চ) দুপুরে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামে নিজ বাড়ি থেকে রাজু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

রাজু মিয়া ওই গ্রামের বিরাজ উদ্দিনের ছেলে। আটক লাইলি বেগম একই গ্রামের ঠান্ডা মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে রাজু মিয়ার সঙ্গে প্রতিবেশী ঠান্ডা মিয়ার বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ২০ ফেব্রুয়ারি ঠান্ডা মিয়া ও তার লোকজন রাজু মিয়ার ওপর হামলা চালায়। এতে রাজু মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিজ বাড়িতে আনার পরপর সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়।

নিহত রাজুর স্ত্রী খালেদা বেগম অভিযোগ করেন, বসতভিটা দখলসহ তাদের উচ্ছেদ করতে ঠান্ডা মিয়া বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। ঠান্ডা ও তার লোকজন পরিকল্পিতভাবে স্বামী রাজু মিয়ার ওপর হামলা করে। হাসপাতালে ভর্তি করা হলেও অর্থের অভাবে তাকে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। ফলে বাড়িতে আনার পর তার মৃত্যু হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন জানান, খবর পেয়ে রাজুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঠান্ডা মিয়ার স্ত্রী লাইলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ নিয়ে রাজুর স্ত্রী খালেদা বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।