কুড়িগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

কুড়িগ্রামকুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুজ্জামান রাকিবসহ পাঁচজন আহত হন। বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সরকারি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনায় কুড়িগ্রাম সদর হাসপাতালে আহতদের ছবি তুলতে গেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.রাকিবুজ্জামান রনি তাতে বাধা দেন এবং প্রতিবেদকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী ছাত্ররা জনায়, জেলা ছাত্রলীগের সরকারি কলেজ শাখার সভাপতি আতিকুর রহমান আতিকের সঙ্গে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিবুজ্জামান রনির সমর্থকরা হামলা চালায়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুজ্জামান রাকিব ছাত্রলীগ কর্মীদের শান্ত করতে গেলে তার ওপরও হামলা চালায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনির সমর্থকরা । এতে জেলা সভাপতি রকিবুজ্জামান রাকিবসহ উভয় গ্রুপের পাঁচজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ছবি তুলতে বাধা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার,আমরা নিজেরাই এটার সমাধান করবো।

জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রকিবুজ্জামান রাকিব তার আহত হওয়ার বিষয়টি অস্বীকার করলেও কুড়িগ্রাম সদর হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র তার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।