শুধু গণিতেই অকৃতকার্য প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী

ফল খুঁজছেন পরীক্ষার্থীরাদিনাজপুর শিক্ষাবোর্ডে শুধু গণিতেই অকৃতকার্য হয়েছে প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী।  দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় এবার পাসের হার কমলেও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী।

তোফাজ্জুর রহমান জানান, শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৮৪টি। আর একজনও পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ৫টি। বিদ্যালয়গুলো হলো- দিনাজপুর জেলার খানসামা উপজেলার নলবাড়ী গার্লস হাই স্কুল, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সারবানাদা গার্লস হাই স্কুল, একই জেলার পলাশবাড়ী উপজেলার থুটিয়াপুকুর গার্লস হাই স্কুল, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই দক্ষিন পাড়া উচ্চ বিদ্যালয় ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ, সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস

পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, গত কয়েক বছরের ফলাফল বিবেচনায় এবার অন্যান্য বছরের তুলনায় ফলাফল খারাপ। তবে সারাদেশের ফলাফল বিবেচনা করলে এই বোর্ডের ফলাফল ঠিক রয়েছে।  অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় এবং অভিজ্ঞ শিক্ষকদেরকে দিয়ে খাতা নিরীক্ষণ করায় ফলাফল একটু খারাপ হলেও মানের দিক দিয়ে ভালো রয়েছে। আগামীতে ফলাফল ভালো করার জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ শিক্ষার্থীদের বিশেষভাবে নজর দেওয়া হবে।