সিলেটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটপূর্ব বিরোধের জের ধরে সিলেট সদর উপজেলার কান্দিরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম আব্দুল আহাদ ফকির (৪০)। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (২ জুন) রাত ১০টার দিকে বাঘারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।   

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব জানান, দুই পরিবারের মধ্যে পূর্ব বিরোধ ছিল। পুলিশ হামলাকারীদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, গত কয়েক বছর থেকে সদর উপজেলার কান্দিরগাঁওয়ের বাঘারপার গ্রামের জাফর মিয়ার স্ত্রী ছালিতুন বিবির সঙ্গে দীর্ঘদিন থেকে পাশেল বাড়ির মকলিছ মিয়ার বিরোধ চলছিল। উভয় পরিবারের বিরোধ নিষ্পত্তির জন্য বেশ কয়েকবার উদ্যোগ নিলেও বিরোধ মীমাংসা হয়নি। তবে সম্প্রতি উভয় পক্ষ স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কমিটি উভয় পরিবারের বিরোধ মীমাংসা শেষ করার জন্য শালিস বৈঠকের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার প্রথম দফায় বসার সিদ্ধান্ত হলে ওই সময়ে ছালিতুন বিবিকে পঞ্চায়েতের সামনে গালিগালাজ করে চলে যান মখলিছ মিয়া। শনিবার তারাবির নামাজের পর পুনরায় শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিসে বসার আগেই দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে লাশ পাঠিয়েছে।