দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলাউদ্দিন আহম্মেদ ওরফে চিকা (৩৩) নামের এক মাদকব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে হয়েছে। বর্তমানে সে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫৫০ বোতল ফেনসিডিল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাত ২টার দিকে হিলির পুরনো পৌরসভা ভবনের পাশে এ ঘটনা ঘটে।
আহত আলাউদ্দিন আহম্মেদ হিলির দক্ষিণ বাসুদেব পুরের ক্যাম্প পট্টি এলাকার আফতাব আলী মণ্ডলের ছেলে।
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে হাকিমপুর থানা পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার ভোর রাতে হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার ক্যাম্পপট্টি এলাকায় আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৩শ’ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার সহযোগী ৩ ব্যবসায়ী খোকন, আরজু ও বাবুর নাম জানায়। তারা বেশ কিছু ফেন্সিডিল নিয়ে পালিয়ে যায় বলে সে জানায়। তার দেওয়া তথ্যমতে পলাতক আসামিদের গ্রেফতার ও মাদক উদ্ধারের লক্ষ্যে মঙ্গলবার ভোর রাত ২টার দিকে আলাউদ্দিনকে নিয়ে হিলির পুরানো পৌরসভা ভবন এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় সেখানে ওৎ পেতে থাকা তার সহযোগীসহ অজ্ঞাতনামা কয়েকজন মাদক চোরাকারবারীরা পুলিশের ওপর অতর্কিতে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় তাদের ছোড়া গুলিতে আলাউদ্দিনের বাম পায়ের হাটুতে গুলি লাগে। একই সময় দুই পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্য ও আলাউদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আলাউদ্দিনকে দিনাজপুর মেডি্যোল কলেজ হাসপাতালে এবং পুলিশ সদস্যদের দিনাজপুর পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে আরও ২৫০বোতল ফেন্সিডিল ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।