ঢাকা-পঞ্চগড় আন্তঃনগর ট্রেন চালুসহ পাঁচ দফা দাবিতে মানবন্ধন

ঢাকা-পঞ্চগড় আন্তঃনগর ট্রেন চালুসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড়বাসী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন

ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন চালুসহ পঞ্চগড়কে আধুনিকায়নে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড়বাসী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক ও সাংবাদিকসহ গণ্যমান্যরা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক তানবিরুল বারী নয়ন, যুগ্ন আহ্বায়ক আহসান হাবিব, আব্দুস সাত্তার, উদিচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন চালু, পঞ্চগড়ে ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলা বন্ধ, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন, বাইপাস সড়ক নির্মাণ এবং বিদ্যুৎ সমস্যা সমাধানসহ পঞ্চগড়কে আধুনিকায়নের পাঁচদফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।