‘বিআরটিসি বাসটির ফিটনেস সার্টিফিকেট ছিল না’

রংপুরে দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাসরংপুর নগরীর সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হওয়ার ঘটনায় বিআরটিসি বাসটির কোনও ফিটনেস সার্টিফিকেট ছিল না। প্রাথমিক অনুসন্ধানে এমন তথ্য জানা গেছে।

সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে তদন্ত কমিটির সদস্য ও বিআরটিএ রংপুর অফিসের উপপরিচালক আব্দুল কুদ্দুস বলেন, ‘বিআরটিসি বাসটির কোনও ফিটনেস ছিল না বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। আমি আমাদের অফিসে খোঁজ করে দেখেছি, ফিটসেন সংক্রান্ত কোনও কাগজ পাইনি। তারপরও তদন্তকালে আরও ভালোভাবে নিশ্চিত হওয়ার পর বলতে পারবো। অপর বাসটির ফিটনেস ছিল বলে কাগজপত্রে দেখেছি। তবে এসব এখনই চূড়ান্ত করে বলার সময় আসেনি। আমরা তদন্ত কমিটি বাস দুটি পরীক্ষা-নীরিক্ষা করে দেখবো। তারপর নিশ্চিত করে বলতে পারবো, কী কারণে দুর্ঘটনা ঘটলো। কারা দায়ী। পুরো বিষয় তখনই বলতে পারবো।’

তিনি জানান, তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করতে বলা হয়েছে। আমরা আশা করছি, যথা সময়ে তদন্ত শেষ করতে পারবো।

বিআরটিএ’র উপপরিচালক আব্দুল কুদ্দুস জানান,  জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোন্নাফ রাবিবকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় আজও  তদন্ত শুরু করা যায়নি। উনি আসার পর তদন্ত শুরু হবে।

উল্লেখ্য, রবিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর সিও বাজার এলাকায় পঞ্চগড়গামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গেটলক একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮ জন নিহত হন। আহত হন অন্তত ৪০ জন।

আরও পড়ুন: রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮