বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করাসহ তার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি। শনিবার দুপুরে পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন। এসময় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইছ আহাম্মেদ জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নয়নসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন সরকার প্রহসনের বিচারের মাধ্যমে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। আবারও আর এক মামলায় সাজা দেওয়ার জন্য অসাংবিধানিকভাবে কারাগারে আদালত বসিয়ে বিচারের নামে প্রহসনের চেষ্টা চলছে। তাদের অভিযোগ গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে না।
বিএনপি নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন,‘এরপর আর বিএনপি ঘরের মধ্যে সমাবেশ করবে না। এরপর রাজপথেই মোকাবেলা করা হবে প্রয়োজনে জীবন দিয়ে হলেও রাজপথে থাকার অঙ্গিকার করেছেন তারা।