রংপুর-৩ আসনে এরশাদকে ছাড় না দিতে আ.লীগের মানববন্ধন





রংপুর নগরীর কাছারি বাজার এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মানববন্ধনরংপুর সদর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ‘বারবার মহাজোটের প্রার্থী হিসেবে ছাড় না দিয়ে’ আওয়ামী লীগ প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) এ দাবিতে রংপুর নগরীর কাছারি বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই রংপুর নগরী ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা কাছারি বাজার এলাকায় জড়ো হতে থাকেন। পরে বৃষ্টি উপেক্ষা করে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ১৯৭৩ সালের পর রংপুর সদর-৩ আসনে আওয়ামী লীগের কোনও প্রার্থী নেই। এরপর গত তিনবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা চৌধুরী খালেকুজ্জামানকে মনোনয়ন দেওয়া হলেও তা প্রত্যাহার করে নেওয়া হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে ওই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়।

রংপুর নগরীর কাছারি বাজার এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মানববন্ধনবক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভাগীয় নগরী রংপুরে আওয়ামী লীগের কোনও নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জাতীয় পার্টি তাদের ঘরে নিয়ে নিচ্ছে। পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে ওঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

বক্তারা রংপুর সদর-৩ আসনটিতে এরশাদকে ছাড় না দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

কর্মসূচিতে রংপুর আওয়ামী ট্যাক্স ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মুকুর সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর মহানগরের ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম প্রামাণিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা অধ্যাপক মনোয়ার হোসেন, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল ইসলাম লিচু, রংপুর সিটি করপোরেশনের আওয়ামী কাউন্সিলর পরিষদের সভাপতি ও ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হীরা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউর ইসলাম রেজা, রংপুর সদর উপজেলা মহিলা লীগের সভাপতি আরজিনা খাতুন প্রমুখ।