প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ভাইবোন নামের একটি যাত্রীবাহি মিনিবাস (মৌলভীবাজার ব ০০৪৪) তেঁতুলিয়া যাচ্ছিল। পথে তেতুলিয়া উপজেলা থেকে বিদ্যুতের খুটি বহনকারী একটি ট্রাকের (ঢাকা মেট্রো চ ০১৩০ ) সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের একটি অংশ দুমরে মুচরে যায়। ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। পরে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়ার পর এক শিশুসহ তিনজন মারা যান। রংপুর নিয়ে যাওয়ার পথে আরও ২ জন মারা যায়।
নিহতরা হলেন-পঞ্চগড় সদর উপজেলার জোতহাসনা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী লাভলী বেগম (২৯) ও তার ছেলে ইয়াছিন আলী (৭), শিতলীহাসনা গ্রামের আজিজার রহমানের ছেলে রেজাউল করিম (২২), বোদা উপজেলার উৎকুড়া গ্রামের পুতিনের ছেলে অনিত্য (২০), তেতুলিয়ার উত্তর কাসেমপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ফরিদুল ইসলাম (৩০), গুয়াবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে রাসেল (২০), গরিয়াগছ গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইউনুস আলী (২৮) ও ইউসুফ আলীর ছেলে মনির (৬), মোমিনপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে মোজাম্মেল (৩৮) এবং ডাঙ্গাপাড়া এলাকার ওমর আলীর মেয়ে রাহেলা (২৫)।
পঞ্চগড় এবং তেঁতুলিয়া দমকল বাহিনীর দুইটি ইউনিট ও পুলিশসহ স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত কয়েকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পঞ্চগড় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিরঞ্জন সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। ঘটনাস্থলে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম আযম জানান, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হতাহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১১টায় উদ্ধার কাজ শেষ হয়েছে বলে জানান তিনি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সার্জন ডা. আমির হোসেন বলেন, 'হাসপাতালে আমরা ৮ জনের লাশ শনাক্ত করেছি। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ জন মারা গেছেন বলে খবর পেয়েছি। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম আযম বলেন, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারের জন্য ২০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।