বিলুপ্ত ছিটমহলে নতুন বাংলাদেশিদের মধ্যে নির্বাচনি উদ্দীপনা

Lalmonirhat EX Enclave News_Moazzem Hossain_26-12-2018 (3)লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও সদর উপজেলার বিলুপ্ত ৫৯ ছিটমহলে বসবাসরত নতুন বাংলাদেশি ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়েছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। আগে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে ভোট দিতে পারলেও এবারই প্রথম কোনও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন তারা।

লালমনিরহাট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে দুইটি, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে দুইটি এবং পাটগ্রাম উপজেলার বুড়িমারী, শ্রীরামপুর, বাউরা, জগতবেড়, জোংড়া ও কুচলিবাড়ী ইউনিয়নে ৫৫টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে জনবসতি থাকা ৩৬টি ছিটমহলের নতুন ভোটাররা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন।

বিলুপ্ত ভোটবাড়ী ছিলমহলের বাসিন্দা জয়নাল আবেদিন (৫৩) বলেন, ‘শেখের বেটি আমাদের স্বাধীন/মুক্ত করে দিছে। সংসদ নির্বাচনে এবারই প্রথম ভোট দিমো। হামরা নৌকাতেই দিমো। ৬৮ বছর নিজে দেশে থেকেও পরবাসী জীবন থাকি মুক্ত করি দিছে। এখন হামরা নয়া বাংলাদেশি নাগরিক। রাস্তা-ঘাট, বিদ্যুৎ, স্কুলসহ সবকিছুই পাইছি।’

একই বিলুপ্ত ছিটমহলের স্নাতক পাস ভোটার মৌসুমি আক্তার বলেছেন, ‘সবকিছুই শেখ হাসিনার সরকার দিয়েছে। ভোটও তাকেই আমরা দেবো। এখন আমাদের চাকরিতে অগ্রাধিকারভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানাই।’

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ভিতরকুটি ছিটমহলের বাসিন্দা হারুন-উর-রশিদের ভাষ্য, ‘লালমনিরহাট-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকায় জননেত্রী শেখ হাসিনার মনোনীত মহাজোটের প্রার্থী গোলাম মোহাম্মদ কাদেরের লাঙল প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছি। কেননা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে ছিটমহল বিনিময় করে আমাদের বন্দিদশা থেকে মুক্ত করেছেন। এখন আমরা যেমন নতুন বাংলাদেশি, তেমনি নতুন ভোটার। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারব। এই আনন্দ প্রকাশের ভাষা নেই।’