কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের বিক্ষোভকাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ তাদের তৎপরতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক এলাকা থেকে তারা বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও মুসল্লিার অংশ নেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে স্লোগান দেন তারা। তারা কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি সম্বলিত একটি স্মারকলিপি পঞ্চগড় জেলা প্রশাসককে দেন।

স্মারকলিপিতে বলা হয়, আহামদিয়া মুসলিম জামাত নামে কাদিয়ানি সম্প্রদায়ের লোকজন ইসলামের লেবাস ধরে মুসলমানদের বিভ্রান্ত করছে। তারা যাতে মুসলিমদের ইমান আকিদা ধ্বংস করতে না পারে সেজন্য রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে। এছাড়া কাদিয়ানি সম্প্রদায়ের অঢেল অর্থের উৎস ও তাদের ব্যয় সরকারের নজরে আনাসহ জাতীয় এবং আন্তর্জতিক প্রচার মাধ্যমে তাদের বিভ্রান্তিকর প্রচার বন্ধ করতে হবে। বিশেষ করে লন্ডন থেকে সম্প্রচারিত এমটিএ চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে হবে।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মুফতি আনম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ, খতমে নবুওয়াত বাংলাদেশের সদস্য আব্দুর রহমানসহ ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।