বেরোবি’র মাইক্রোবাসে চড়ে ভোট পরিদর্শন জানিপপের

নির্বাচন কমিশনের স্টিকার লাগানো বেরোবির মাইক্রোবাস

 রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকদের ব্যবহারের জন্য কেনা একটি মাইক্রোবাস ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার এ মাইক্রোবাসটি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা জানিপপ।

এ ব্যাপারে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জানিপপের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর সঙ্গে সন্ধ্যায় ফোনে যোগাযোগ করা হলে তিনি মাইক্রোবাসটি জানিপপের কাজে ব্যবহার করার কথা স্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আনা-নেওয়ার জন্য বেশ কিছু দিন আগে একটি মাইক্রেবাস কেনা হয়, যার নম্বর রংপুর চ-৫১-০০২৭। মাইক্রোবাসটি গত বছরের ১৪ আগস্ট থেকে উপাচার্য ঢাকায় নিয়ে যান। এরপর থেকে মাইক্রোবাসটি তার নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান জানিপপের বাহন হিসেবে ব্যবহার করে আসছেন। শুধু তাই নয়, গাড়ির জ্বালানি খরচ মেটাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সময় উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ জানান, গাড়ির সংকট থাকায় এবং বৃষ্টির কারণে তাকে বেরোবি’র মাইক্রোবাসটি ব্যবহার করতে হয়েছে।
সুজনের রংপুর জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসে পর্যবেক্ষকের স্টিকার লাগিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ব্যবহার করে উপাচার্য চরম অনৈতিক কাজ করেছেন।
উল্লেখ্য, তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেও ঢাকায় অবস্থান করেন। এছাড়াও তার বিরুদ্ধে নিজস্ব প্রতিষ্ঠান জানিপপ নিয়ে ব্যস্ত থাকাসহ নিয়োগ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।