হিলিতে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আটক

দিনাজপুরের হিলি সীমান্তের মংলা এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আনা ১৫৩ বোতল ফেন্সিডিলসহ নুর ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মার্চ) ভোররাতে তাকে আটক করা হয়। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর ইসলাম হিলির ডাঙ্গাপাড়ার ঘেলুপাড়া গ্রামের বাহেন উদ্দিনের ছেলে।

সুবেদার আবু সাঈদ জানান, ভারত থেকে ফেন্সিডিলের চালান নিয়ে এক চোরাকারবারী দেশে প্রবেশ করছে –এমন সংবাদে শুক্রবার ভোররাতে বিজিবির একটি বিশেষ টহল সীমান্তের মংলা মাঠের মধ্যে অভিযান চালায়। এসময় ভারত থেকে দেশে প্রবেশের সময় নুর ইসলামকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বস্তা থেকে ১৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিলসহ নুরকে হাকিমপুর থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।