ঠাকুরগাঁয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দবিরুল ইসলামের (৬০) নামে আরেক জন মারা গেছেন। শনিবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এনিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১২ জন। বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক এ খবর নিশ্চিত করেছেন।
সর্বশেষ নিহত দবিরুল ইসলামের বাড়ি বালিয়াডাঙ্গীতে।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে আসা ডিপজল এক্সপ্রেসের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি গেটলক মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই বাসের মধ্যখানে পড়ে যায় একটি মোটরসাইকেল ও একটি যাত্রীবাহী থ্রি হুইলার। এতে ঘটনাস্থলেই ছয় জন মারা যান। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিনজন। আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিন জন।