পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ আগস্ট) সকাল ১০টায় হিলি সীমান্তের শূন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ও আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া এবং বিএসএফ ক্যাম্প কমান্ডার ডিএস সন্ধু ও জগদিশ প্রসাদ দু’বাহিনীর পক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৯ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। বিএসএফের পক্ষ থেকে ৭ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বিজিবিকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে বিএসএফকে ৯ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় বিএসএফের পতিরাম-১৯৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে তাদের ৭ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।
তিনি আরও জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিবছরই দু’দেশের জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয় মিষ্টি ও বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।