হিলিতে পেঁয়াজের দাম কেজিতে আরও ২ টাকা বাড়লো

হিলি স্থলবন্দর

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে আরও দুই টাকা বেড়েছে। একদিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৩৭-৪০ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৯-৪২ টাকায়।

পেঁয়াজ আমদানিকারকদের ভাষ্য, ভারতে বন্যায় পেঁয়াজের উৎপাদন ঘাটতি তৈরি হওয়ায় বন্দর দিয়ে নিত্য প্রয়োজনীয় এ পণ্যের আমদানি কমেছে। সেজন্য এর প্রভাব পড়ছে দামে। তবে পাইকারদের অভিযোগ, সিন্ডিকেট করে আমদানিকারকরাই পেঁয়াজের দাম বাড়াচ্ছেন।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্র জানায়, ঈদের পর থেকেই হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় পণ্যটির বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। প্রতিদিনই কেজিপ্রতি ২-৩ টাকা করে পেঁয়াজের দাম বাড়ছে।

এ সূত্র আরও জানায়, ঈদের পর বন্দর দিয়ে ২৫-৩০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হয়েছে। তবে বর্তমানে ১০-১৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে।

বন্দরে পেঁয়াজ কিনতে আসা শরিফুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন জানান, তারা স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। কিন্তু ঈদের পর থেকে যেভাবে পেঁয়াজের দাম ওঠানামা করছে; তাতে তারা পেঁয়াজ কিনতে ভয় পাচ্ছেন। বন্দরে যেভাবে দাম বাড়ছে, সে তুলনায় মোকামে দাম বাড়ছে না। এতে পেঁয়াজ কিনে তারা লোকসানে পড়ছেন। সিন্ডিকেট করে আমদানিকারকরাই পেঁয়াজের দাম বাড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, দুই কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। এর মধ্যে অন্যতম হলো ভারতে বন্যায় পেঁয়াজের উৎপাদন ঘাটতি তৈরি হওয়া। এ ছাড়া, পণ্য পরিবহনে ভাড়া খানিকটা বৃদ্ধি পাওয়া।