ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকার শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় শুক্রবার (৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসন মাইকিং করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমি ও কর্তৃত্ব নিয়ে স্থানীয় হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে দুইপক্ষ পরস্পরের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে। পূজার পঞ্চমীর দিন দুইপক্ষ ওই মন্দিরে প্রতিমা নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে উত্তেজনা দেখা দেয়। পরে প্রশাসন নিয়ন্ত্রণে আনে।
সূত্র আরও জানায়, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। ওই সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী মারা যান। গত বুধবার রশিক রায় জিউ মন্দিরের মণ্ডপে পূজার প্রস্তুতি নিয়ে সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেজন্য ১৪৪ ধারা জারির আদেশ দেয় প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার বলেন, ‘ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’