বোরহানউদ্দিনের সহিংসতায় জামায়াত-বিএনপি জড়িত: রেলমন্ত্রী

বক্তব্য রাখছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

ভোলার বোরহানউদ্দিনে সংঘাতের ঘটনায় জামায়াত-বিএনপি জড়িত বলে দাবি করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম। তিনি বলেছেন, ‘পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। এর সঙ্গে জামায়াত-বিএনপি জড়িত। পুলিশকে আক্রমণ করা হয়েছে; বাধ্য হয়ে আত্মরক্ষার্থে পুলিশ গুলি করেছে।’

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পঞ্চগড় পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

বোরহানউদ্দিনের ঘটনা উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, ‘ধর্মকে ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে। যারা ফেসবুক আইডি হ্যাক করে ওই ঘটনা ঘটিয়েছে, পুলিশ তাদের গ্রেফতার করেছে; আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।’

কমিউনিটি পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘ধর্মের নামে যারা পুলিশকে আক্রমণ ও মানুষ হত্যা করেছে, এদের বিরুদ্ধে সজাগ থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ মাদক ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমাজ ও দেশ গড়ার জন্য সমাজের সব স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বানও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘দুষ্টের দমন শিষ্টের পালনই হলো পুলিশের মূলমন্ত্র। জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং অপরাধীরা যেন পার না পায়, সেদিকে খেয়াল রাখার জন্যও কমিউনিটি পুলিশকে নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, ‘দেশ কী দিলো সেটা বড় নয়। দেশের জন্য কী করতে পারলাম—সেটাকে বড় ভেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ ব্যবস্থার ক্ষেত্র প্রস্তুত করতে আমাদের সবাইকে দেশের কাজে এগিয়ে আসতে হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রত্যেক নাগরিকের অংশগ্রহণের মধ্যদিয়ে দেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে। অপরাধমূলক ঘটনা যাতে না ঘটে, সেজন্য কমিউনিটি পুলিশরা ভূমিকা রাখতে পারেন।’

তিনি বলেন, ‘অতীতে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশে চাকরি নিয়েছে অনেকে। আমরা এবার বিনাঘুষে চাকরি দিয়েছি। আসুন, আমরা ঘুষ-দুর্নীতিকে প্রশ্রয় না দিই।’ কমিউনিটি পুলিশ সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় অপরাধ কমে আসছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে জেলা পুলিশ এ সভার আয়োজন করে। পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেহানুল হক, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হাছান।