দিনাজপুরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রীর যাবজ্জীবন

যাবজ্জীবন

দিনাজপুরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক আনোয়ারুল হক এই রায় দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামির নাম ডলি খানম (২৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বেলায়েত মোল্লার মেয়ে।

তার স্বামী নিহত সাজ্জাদ আলী গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শুকতাইল গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১১ সালের ৪ নভেম্বর রাত ১০টায় ডলি খানম তার স্বামীকে দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বাড়িতে হত্যা করে পালিয়ে যায়। পরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। পরদিন ৫ নভেম্বর নিহত সাজ্জাদ আলীর বড় ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে ডলি খানমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ডলিকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।

মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাসনে ইমাম নয়ন ও আসামি পক্ষের অ্যাডভোকে ইমামুল ইসলাম।