পুরনো প্রশ্নে পরীক্ষা, কেন্দ্র সচিব বহিষ্কার

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি)দিনাজপুরের হিলিতে ২০১৮ সালের প্রশ্নপত্রে এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষা নেওয়ায় এক কেন্দ্র সচিবকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষকদের উদাসীনতায় ২০ শিক্ষার্থী পুরনো প্রশ্নপত্রে পরীক্ষা দেন। পরে বাড়ি গিয়ে তারা বিষয়টি বুঝতে পারেন। 

এই ঘটনায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনাজপুরের হিলির বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব গোলাম মোস্তফাকে বহিষ্কার করা হয়।

পরীক্ষার্থীরা জানায়, ওই কেন্দ্রে সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২০১৮ সালের সিলেবাসের কিছু পরীক্ষার্থী থাকায় ভুলে ২০২০ সালের ২০ জন পরীক্ষার্থীকে পুরাতন নৈর্ব্যক্তিক ও সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারে। পরে এনিয়ে তারা নিজেদের স্কুলের প্রধান শিক্ষককে জানালে, শিক্ষকরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।

হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল বাংলা প্রথমপত্রে ২০১৮ সালের প্রশ্নপত্রে ২০২০ সালের কিছু পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলেছি। তাদের সেই প্রশ্নপত্র অনুযায়ি খাতা মূল্যায়ন করা হবে বলে বোর্ড জানিয়েছেন। সেই অনুযায়ী রিপোর্ট পাঠানো হয়েছে। এছাড়াও ওই ঘটনায় কেন্দ্রটির সচিব গোলাম মোস্তফাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’