লবণের ট্রাকে লুকিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরার সময় ধরা

8

ঠাকুরগাঁওয়ে লবণের বস্তার আড়ালে লুকিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যাত্রী এনে ধরা পড়েছে একটি ট্রাক। লকডাউনের চেকপোস্টে থাকা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাকটি জেলা শহরে প্রবেশ করে। পরে লবণ বহনকারী ট্রাকটি আটক করে স্থানীয় জনগণ।
রবিবার (১২ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার রোড বাজারের লবণ বহনকারী ট্রাকটিসহ যাত্রীদের আটক করে থানা পুলিশ ও ইউএনওকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে চালককে ৫ হাজার টাকা জরিমানা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
অর্থদণ্ড প্রাপ্ত ট্রাকচালক আব্দুর রাজ্জাক রাণীশংকৈল উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা থেকে ফেরত আসার সময় ট্রাকের ভেতরে কয়েকজন ঢাকার যাত্রী নিয়ে এসেছিলেন। যাদের বাড়ী ঠাকুরগাঁওয়ে। ইউএনও মামুন জানান, ঢাকা থেকে আসা ব্যক্তিদের জেলা যুবক উন্নয়ন কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
করোনাভাইরাসে ৩ জন আক্রান্তের পর শনিবার ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। প্রসঙ্গত, করোনা আক্রান্ত ৩ জনই নারায়ণগঞ্জ ফেরত।