দিনাজপুরের হিলির দোকানগুলোয় পণ্য কেনা-বেচার সময় স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। দোকানগুলোয় ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে কেনা-বেচার কথা থাকলেও বেশিরভাগ দোকানে তা মানা হচ্ছে না।
শুক্রবার (১৫ মে) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রচুর মানুষের আনাগোনা রয়েছে। বিশেষ করে পোশাক ও জুতার দোকানে নারীদের বেশি ভিড় লক্ষ্যনীয়। তারা সঙ্গে শিশু সন্তানদেরও নিয়ে এসেছেন। দোকানগুলোয় গা ঘেঁষে দাঁড়িয়ে পণ্য কিনছেন তারা। অনেকের মুখেই মাস্ক নেই। দোকানে যারা পণ্য বিক্রি করছেন তাদেরও হাতে কোনও গ্লাভস এবং মুখেও নেই মাস্ক। এছাড়া সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা থাকলেও অনেক দোকান এরপরও খোলা রাখা হচ্ছে।
হিলি বাজারে পণ্য কিনতে আসা শরিফুল ইসলাম বলেন, ‘মেয়ের জন্য একটি জামা কিনতে এসেছিলাম। কিন্তু বাজারে মানুষের ভিড় দেখে ভয়ে জামা না কিনে বাড়ি ফিরে যাচ্ছি। করোনার কারণে সামাজিক দূরত্বের কথা বললেও তা মানা হচ্ছে না। বাজারে মানুষ যেভাবে ঘুরছে তাতে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন।’
নাম না প্রকাশ করার শর্তে এক দোকানি বলেন, ‘আমরা দোকানে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি। বিক্রয় কর্মীদের মাস্ক ও গ্লাভস দিয়েছি। কিন্তু ক্রেতারা এসব নির্দেশনা মানানো যাচ্ছে না। আবার কোনও ক্রেতাকে কিছু বললে তিনি আর দোকানে আসবেন না। যার কারণে আমাদের বলতেও পারছি না।’
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে জানান, বাজারে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবিষয়ে আমরা ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলছি। এভাবে চললে হয়তো হিলি বাজারেরও সব দোকান বন্ধ হতে পারে। এবিষয়ে শিগগিরই নির্দেশনা আসতে পারে।