প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার তালিকায় চার জনের নামের সঙ্গে নীলফামারীর ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীনের মোবাইল নম্বর থাকার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনম এ তথ্য জানিয়েছেন। তবে জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘চেয়ারম্যানের ভাই তামিম ইসলাম শত্রুতা করে আমার মোবাইল নম্বর ওই তালিকায় বসিয়ে দিয়েছে।’
ওই তালিকার নাম থাকা আনিছুর রহমান ও মকবুল ইসলাম জানান, সরকারি সহায়তা ২৫০০ টাকা দেওয়ার কথা বলে তাদের নাম ও মোবাইল নম্বর জয়নাল আবেদীন ৭/৮ দিন আগে গেছে। শুক্রবার (১৫ মে) রাত ২টার সময় মোবইল নম্বর ভুল হয়েছে বলে আবার তিনি মোবাইল নম্বর নেয়।
জয়নাল আবেদীন বলেন, ‘আমি নামের সঙ্গে ঠিক মোবাইল নম্বর বসিয়ে চেয়ারম্যানের কাছে জমা দেই। কিন্তু চেয়ারম্যানের ভাই তামিম পূর্ব শত্রুতার জের ধরে চার জনের নামের সঙ্গে আমার মোবাইল নম্বর ব্যবহার করে। চেয়ারম্যানের ভাই ইউনিয়ন পরিষদে চাকরি না করলেও সে এসব কাজ করে থাকে।’
অভিযোগ অস্বীকার করে তামিম বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদের আমি কেউ নই। আমি এসব কাজ করি নাই।’
এ ব্যাপারে চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন, ইউপি সদস্য নিজের দায় এড়িয়ে অন্যের ওপর দোষ চাপাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ‘আমরা যাচাই-বাচাই করে ছয় নং ওয়ার্ডে বেশ কয়েকটি মোবাইল নম্বরসহ নামের ভুল পাই। তা সংশোধন করা হয়েছে। প্রথমবারের মতো ওই মেম্বারকে মুচলেকা নিয়ে সাবধান করা হয়। পরবর্তীতে এ রকম ভুল হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’