স্থানীয় প্রশাসন বাড়ি লকডাউন করেছেগাজীপুরে চাকরি করতেন কুড়িগ্রামের উলিপুরের দুই ব্যক্তি। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তারা নমুনাও দিয়েছিলেন। রিপোর্টের জন্য অপেক্ষা না করে সেই অবস্থাতেই গাজীপুর থেকে ৩৩৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যান উলিপুরের বাড়িতে। সোমবার (১৫ জুন) তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে। বিষয়টি জানতে পেরে উপজেলার দলদলিয়া ও থেতরাই ইউনিয়নে ওই দু’জনের বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, করোনায় আক্রান্ত দুই ব্যক্তি গাজীপুরে চাকরি করতেন। তারা ১২ জুন বাড়িতে আসার পর সোমবার জানতে পারেন তারা করোনা পজিটিভ। এরপর তাদের দু’জনের বাড়ি পৃথকভাবে লকডাউন করে তাদের হোম আইসোলেশনে রাখা হয়। তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।