এদিকে, সাংবাদিক উৎস হত্যাকারীদের গ্রেফতার ও দৈনিক পত্রিকা অফিসে হামলাসহ সাংবাদিক পিয়ালকে অপহরণের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে রংপুর প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আগামী রবিবার নগরীতে বিক্ষোভ ও ডিসি-এসপির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নগরীর সেনপাড়া এলাকায় অবস্থিত দৈনিক রংপুর চিত্র কার্যালয়ে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে প্রবেশ করে এসএম পিয়ালকে বেদম মারধর করে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর তার ওপর নির্যাতন চালান সন্ত্রাসীরা।
খবর পেয়ে রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনা স্থলে গিয়ে সাংবাদিক পিয়ালকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তন্ময় নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে, আহত সাংবাদিক পিয়ালকে নগরীর একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি কাদের জিলানীর জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিয়ালকে উদ্ধার করেন। এ সময় ঘটনার জড়িত থাকার অভিযোগে তন্ময় নামে এক যুবককে আটক করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
/এনএস/এমএনএইচ/