দিনাজপুরে কাউন্সিলর প্রার্থীর ওপরে হামলা

নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন দিনাজপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ও আসন্ন পৌরসভা নির্বাচনে একই পদের প্রার্থী আশরাফুল আলম রমজান। এসময় তাকে বাঁচাতে এসে মুন্না নামে এক কর্মীও গুরুতর আহত হয়েছেন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর শহরের কসবা এলাকার আলামিয়া মসজিদের পাশে গত সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম রমজানের বাম হাত ও বাম পা ভেঙে গেছে। এছাড়াও মাথা ও শরীরে বিভিন্ন আঘাত করা হয়েছে। কর্মী মুন্নার মাথায় ১০টি সেলাই ও বাম হাতে ২টা সেলাই পড়েছে।

হামলায় আহত কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম রমজান ওই ওয়ার্ডের টানা দ্বিতীয় বারের কাউন্সিলর। তিনি এবারের তৃতীয় বারের কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তিনি আওয়ামী যুবলীগ দিনাজপুর শহর শাখার সভাপতি। হামলায় আহত মুন্না একই এলাকার বাদল হোসেনের ছেলে।

এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের না হলেও পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার পরিদর্শক আসাদুজ্জামান।

হামলায় আহত কাউন্সিলর আশরাফুল আলম রমজান বলেন, বাড়ি ফেরার পথে ৬ জন সশস্ত্র হামলা করে। দুর্বৃত্তরা মুখে মাস্ক ও টুপি পরিহিত ছিল এবং তাদের হাতে লোহার রড ও হাসুয়া ছিল।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, হামলার সংবাদ পাওয়ার পরপরই রাত থেকেই আমরা তদন্ত কাজ শুরু করেছি। এই ঘটনাটি কেন ঘটেছে এবং কারা জড়িত সেই বিষয়টি উদঘাটন করতে পুলিশ কাজ করছে।