এবার গাইবান্ধার ১০ কি. মি. সড়কজুড়ে আলপনা এঁকে নতুন বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে নাম ওঠাতে চায় জেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। ‘দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ; রেকর্ড করবে বাংলাদেশ’-এই স্লোগানে আলপনা অঙ্কন উৎসবে মেতে উঠবে শত শত শিক্ষার্থী।
আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে আলপনা অঙ্কন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধার ৫ আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পর থেকেই আলপনা অঙ্কন চলবে পরদিন শুক্রবার দুপুর পর্যন্ত। টানা ২৪ ঘণ্টাব্যাপী গাইবান্ধা-বাদিয়াখালী-ফুলছড়ি সড়কের ১০ কিলোমিটার এলাকায় চলবে আলপনা অঙ্কনের উৎসব। এই উৎসবে অংশ নেবে জেলার পাঁচ শতাধিক শিক্ষার্থী।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) দীর্ঘতম আলপনা উৎসবের আয়োজন করে।
গত দুইদিন ধরে আলপনা উৎসব প্রস্তুতির নানা কার্যক্রম চালাচ্ছে ওই সংগঠনের ১ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। পাশাপাশি তাদের সঙ্গে আলপনা অঙ্কনে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেওয়ার অঙ্গীকার করেন।
সংগঠনের নেতা ও অন্যতম আয়োজক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম চৌধুরী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন। সড়কজুড়ে দীর্ঘতম আলপনা আঁকার এমন উদ্যোগ দেশে এর আগে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে করা হয়েছিল। এছাড়াও ময়মনসিংহের নান্দাইলে চার কিলোমিটার পথ আলপনা এঁকে রেকর্ড করে সেখানকার শিক্ষার্থীরা। তবে দেশে সবচেয়ে বড় উদ্যোগটিটি ছিল নান্দাইলে চার কিলোমিটারের। আর তারা করতে চাইছেন ১০ কিলোমিটার পথ আলপনা। তাই আলপনা অঙ্কনের বিষয়টি নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করবে বলে প্রত্যাশা তাদের।