হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ জুন থেকে মুচলেকা নিয়ে স্বশরীরে শিক্ষার্থীদের পরীক্ষা নেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বিদেশি শিক্ষার্থীরাও যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সংশ্লিষ্ট ডিন ও চেয়ারম্যানদের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সব অনুষদের ডিনদের সভায় গত সোমবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. ফজলুল হক।

ড. ফজলুল হক জানান, আগামী ১০ জুন থেকে যেকোনও অনুষদ কিংবা বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে। তবে  ১০ জুনের আগে কোনও পরীক্ষা নেওয়া হবে না। এবার অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনও সুযোগ নেই। পরীক্ষা চলাকালে হলগুলো বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে আবাসিক কিংবা বাসায় থেকে স্বশরীরে পরীক্ষায় অংশ নিতে হবে। তবে পরীক্ষা দেওয়ার আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মুচলেকা জমা দিতে হবে। আর বিদেশি শিক্ষার্থী যারা আছেন তারা যাতে পরীক্ষায় অংশ নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট অনুষদের ডিন ও চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ব্যাচ অনুযায়ী পর্যায়ক্রমে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ডিনদের জানানো হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ জানান, পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা যাতে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা পান সে লক্ষ্যে মেডিক্যাল টিম গঠন করা হবে। পরীক্ষা নেওয়ার ব্যাপারে সব প্রস্তুতি চলছে।