নৌকার প্রার্থিতা ফিরে পেলেন অখিল চন্দ্র

ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায় হাইকোর্টে আপিলের প্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে অখিল চন্দ্র রায় এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেন। আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্ট ডিভিশন তার প্রার্থীতা বহাল রেখে রায় দেন। বৃহস্পতিবার বিকালেই হাইকোর্টের রায়ের কপি জেলা নির্বাচন অফিসে জমা দেন তিনি। শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে এলাকায় নির্বাচনি প্রচারণা চালাবেন অখিল চন্দ্র রায়।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ের পর ঋণ খেলাপির কারণে অখিল চন্দ্র রায়ের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে আপিল করলে গত ৫ ডিসেম্বর বিকালে আপিল শুনানিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া রায় বহাল রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। সেই প্রেক্ষিতে পরে হাইকোর্টে রিট করলে দুই দিনের মধ্যে অখিল চন্দ্র রায়ের প্রার্থীতার বৈধতার রায় দেন হাইকোর্ট।