তেঁতুলিয়ায় হাওয়া মেশিন বিস্ফোরণে ট্রাকচালক নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে হাওয়া মেশিন বিস্ফোরণে মামুন হোসেন (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে ভজনপুর পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। মামুন সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জাবুরি দুয়ার গ্রামের তৌহিদ হোসেনের ছেলে।

আহতরা হলেন—ভজনপুর ডাঙ্গাপাড়া গ্রামের সিরাজউদ্দিনের ছেলে রবিউল (৩০) এবং পঞ্চগড় পৌরসভার নিমনগড় গ্রামের মোকলেছ হোসেনের ছেলে নাজমুল (১৬)। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মসলিমউদ্দিন জানান, সকালে রবিউলের দোকানে ট্রাকের চাকায় হাওয়া দিতে যান মামুন। মেকানিক নাজমুল চাকায় হাওয়া দিচ্ছিল। এ সময় বিকট শব্দে হাওয়া মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে মামুন, নাজমুল ও রবিউল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান ভুইয়া মামুনকে মৃত ঘোষণা করেন। আহত রবিউল ও নাজমুলকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।