হিলিতে তীব্র শীত, কাজ পাচ্ছেন না খেটে খাওয়া মানুষ

দিনাজপুরের হিলিতে আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেক শ্রমিক।

গত দুই দিন ধরে হিলিতে সকাল করে কুয়াশা ঝরছে। সেই সঙ্গে হিমেল বাতাস বইছে। এতে শীতের মাত্রা আরও বেড়েছে। 

দুপুরের দিকে সূর্যের দেখা মিলছে। এরপর তাপমাত্রা একটু বাড়লেও বিকালের পর থেকে শীত বাড়ছে। সন্ধ্যার পর থেকে মানুষের চলাচল কমে যাচ্ছে। দিনেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত হিলিতে সূর্যের দেখা মেলেনি।

স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দুই দিন ধরে শীতের মাত্রা তুলনামূলক বেড়েছে। পশ্চিমা বাতাস বইছে। এতে বাইরে চলাফেরা করা মুশকিল হয়ে পড়েছে।

কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেক শ্রমিক

দিনমজুর মোজাফফর রহমান বলেন, আমরা তো দিন আনি দিন খাই। শীতের কারণে কাজকর্ম করতে পারছি না। শীতে বাইরে বের হওয়ার কষ্টকর। তারপরও কাজ না করলে তো সংসার চলবে না। তাই তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছি। কিন্তু সকালে গৃহস্থরা আসছেন না। প্রায় দিনই কাজ না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আজ দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ, গতিবেগ ঘণ্টায় ৫-৭ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৪ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।

আরও পড়ুন:
আজকের আবহাওয়ার খবর। 
সারাদেশের তাপমাত্রার খবর।