বয়সের ভারে নুইয়ে পড়েছেন আবুল হোসেন। হাঁটাচলাও করতে পারেন না। তবু ভোটের আমেজে ঘরে বসে থাকেননি। নাতির পিঠে চড়ে এসে ইউপি নির্বাচনে ভোট দিয়েছেন।
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে সোমবার (৩১ জানুয়ারি) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্যের দেখা মেলে। ৮৫ বছর বয়সী আবুল হোসেন নাতির পিঠে চড়ে এসে এবং পিঠে বসেই ইভিএমে ভোট দেন।
তার জন্ম ১৯৩৭ সালের এপ্রিল মাসে। বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে।
আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোটার হওয়ার পর থেকে একবারও ভোট দেওয়া বাদ যায়নি আমার। বয়স হয়েছে, শারীরিক নানা জটিলতায় বিছানা থেকে উঠতে পারি না। তাই নাতির পিঠে চড়ে ভোট দিতে এলাম। এবারই প্রথম মেশিনের মাধ্যমে ভোট দিলাম।’
তার নাতি মোস্তাফিজ বলেন, ‘নির্বাচন হবে শোনার পর থেকেই নানা ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। তাই তাকে পিঠে করে কেন্দ্রে নিয়ে এলাম। ভোট দিতে পেরে তিনি খুবই খুশি।’
রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মানিক বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উপজেলার চার ইউপিতে ভোটগ্রহণ হয়েছে। কিছু কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা দেখা দিয়েছিল। পরে আমাদের টেকনিশিয়ানরা সমস্যার সমাধান করেন।’