হরিজন সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠানে মদপান করে নাচানাচির সময় ধাক্কা লাগার জেরে এক কিশোরকে খুনের ঘটনায় বিজয় বাস্ফর (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার (৭ মার্চ) সকালে কুড়িগ্রাম সদরের পুরাতন রেল স্টেশন এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। দুপুরে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই সম্প্রদায়ের বিজয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবক জেলা শহরের পুরাতন রেল স্টেশন এলাকার জগদিশ বাস্ফরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা ‘স্বীকার’ করেছে বলে জানান সদর থানার ওসি খান মো. শাহরিয়ার।
এর আগে, সোমবার সকালে পুরাতন রেল স্টেশন এলাকায় সুমন বাস্ফরের মেয়ের বিয়ের অনুষ্ঠানে মদপান করে নাচানাচির সময় পরস্পরের সঙ্গে ধাক্কা লাগার জেরে খুন হন বর রনি বাস্ফরের খালোতো ভাই রাহুল বাস্ফর (১৮)। রাহুল গাইবান্ধা সদর উপজেলার কাচারি বাজার এলাকার প্রদীপ বাস্ফরের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত বিজয় পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে এবং ঘাতককে শনাক্ত করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদরের হরিকেশ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বিজয়ের দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘আসামি গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’