নিজ বাড়ি থেকে কলেজশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রামে আবু তাহের (৫৭) নামে এক কলেজশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল ৯টায় শহরের বাস টা‌র্মিনাল এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে পু‌লিশ। 

আবু তা‌হের জয়পুরহাট মহীপুর হাজী মহাসীন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভা‌গের প্রধান। এর আ‌গে কু‌ড়িগ্রা‌মের উ‌লিপুর সরকা‌রি ক‌লে‌জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছি‌লেন তি‌নি। ১৪তম বি‌সিএসের শিক্ষা ক্যাডারের সদস্য আবু তা‌হের।

পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে, উ‌লিপুর সরকা‌রি ক‌লে‌জে দা‌য়িত্ব পালনকা‌লে তার বিরুদ্ধে বি‌ভিন্ন অ‌ভি‌যো‌গ ওঠে। এর প্রেক্ষিতে পদাবনতি ও বেতন কমানোসহ অন্যান্য সুবিধা বন্ধের নির্দেশ দিয়ে তা‌কে বদ‌লির আদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্র বাদী হ‌য়ে তার বিরু‌দ্ধে মামলাও ক‌রে। এ নি‌য়ে মান‌সিক অ‌স্থিরতা ও হতাশায় ভুগ‌ছি‌লেন আবু তা‌হের।

আবু তা‌হে‌রের স্ত্রী জানান, তিনি সকালে নামাজ পড়ে হাঁটতে বের হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাসার দ্বিতীয় তলায় ফাঁকা ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

‌তি‌নি ব‌লেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষকতা করেন। ভালো মানুষ। মামলা নিয়ে তি‌নি মানসিক দুশ্চিন্তায় ভুগ‌ছি‌লেন।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, প্রাথ‌মিকভা‌বে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হ‌চ্ছে। লাশ ময়নাতন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এক‌টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।