ইউনিফর্ম পরে না যাওয়ায় স্কুল থেকে বের করে দেওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া সিনহা স্বর্ণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পেয়েছে নতুন ইউনিফর্ম। সরকার প্রধানের পক্ষ থেকে পাওয়া সেই ইউনিফর্মটি রবিবার (২০ মার্চ) সকালে পরেই নিজ শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যায় সুমাইয়া।
এর আগে, ১৫ মার্চ ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এই নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। ১৬ মার্চ রাতে প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্মটি তার হাতে পৌঁছে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। একইসঙ্গে থ্যালাসেমিয়ায় আক্রান্ত সুমাইয়ার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়। এ ছাড়াও তার চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এককালীন অনুদানের টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
ওই শিক্ষার্থী পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামের সুপারি ব্যবসায়ী শাহিনুর ইসলামের মেয়ে। প্রধানমন্ত্রী পক্ষ থেকে পাওয়া ইউনিফর্ম পরে স্কুলে গিয়ে খুশি সে। বলে, ‘এখন আমার খুব ভালো লাগছে। তবে ওই দিন আমি অতি আগ্রহেই স্কুলে গিয়েছিলাম।’
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। ২২ ফেব্রুয়ারি থেকে পাঠদান শুরু হলেও সেটি পুরোদমে নয়। সরকারের ঘোষণা অনুযায়ী ১৫ মার্চ থেকে সারা দেশে পুরোদমে পাঠদান শুরু হয়। পুরোদমে ক্লাস শুরু হওয়ায় সুমাইয়া সিনহা স্বর্ণা ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকে বিদ্যালয়ে হাজির হয়। কারণ, দর্জির দোকানে তার ইউনিফর্ম তৈরি সম্পন্ন হয়নি। কিন্তু প্রধান শিক্ষক হাসেম আলী তাকে কোনও সুযোগ না দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়।
বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ পরিবেশন করলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীকে ইউনিফর্ম দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। রাতেই জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে ইউনিফর্ম দেন এবং তার থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।