পুলিশি হয়রানি বন্ধে রংপুর নগরীতে অটোরিকশা ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

পুলিশের হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে অটোরিকশা ও চার্জার ভ্যান মহানগর শ্রমিক ইউনিয়নের ডাকে বিভাগীয় নগরী রংপুরে আধাবেলা ধর্মঘট পালিত হচ্ছে।

সোমবার (২১ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলার ধর্মঘটে সড়কে যান চলাচল কমে যায়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। বিকল্প যানের ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে অনেককে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। 

মহানগর জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক শ্যামল বাবু এবং মহানগরের রিকশা-ভ্যানচালক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদসহ শ্রমিক নেতারা অভিযোগ করেন- রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইসেন্স না থাকার অজুহাতে প্রায়ই অটোরিকশা আটকে থানা অথবা পুলিশ লাইনে কমপক্ষে ১৫ দিন ফেলে রাখে। পরে আড়াই হাজার টাকার মতো জরিমানা গুণতে হয়। আবার ঘুষ দিলে সাত দিনের মধ্যেই রিকশা ফেরত দিয়ে দেয়। 

শ্রমিক নেতারা আরও অভিযোগ করেন- পুলিশের অত্যাচারে নগরীর হাজার হাজার শ্রমজীবী মানুষ বিপদে আছে। রংপুরে কোনও শিল্প কারখানা না থাকায় বিকল্প আয়ের কোনও ব্যবস্থা নেই। যে কারণে অনেকে বাধ্য হয়ে অটোরিকশা চালিয়ে জীবন কাটান। অথচ পুলিশ নানা অজুহাতে তাদের হয়রানি করছে। 

নেতারা হয়রানি বন্ধ ও লাইসেন্স দেওয়াসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।