দিনাজপুরের হিলিতে লাইসেন্স ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে চারটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু সেমাই ধ্বংস করে দেওয়া হয়েছে। একইসঙ্গে বেশ কিছু ময়দা ও তেল জব্দ করে বিভিন্ন মাদ্রাসায় বিলিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় বিএসটিআইয়ের সহায়তায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা করেন। এ সময় সেখানে বিএসটিআইয়ের রংপুর কার্যালয়ের মাঠ কর্মকর্তা মেজবাউল হাসান, পরিদর্শক মিঠুন কবিরাজ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নূর-এ আলম বলেন, ঈদ উপলক্ষে সেমাই কারখানাগুলোতে স্বাস্থ্যসম্মতভাবে সেমাই উৎপাদন থেকে শুরু করে বাজারে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত যথাযথ প্রক্রিয়া মানা হচ্ছে কি-না এই নিয়ে হিলিতে অভিযান চালানো হয়েছে। এ সময় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে চার সেমাই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।