পিকআপে উচ্চশব্দে গান বাজানোয় জরিমানা

দিনাজপুরের বিরামপুরে পিকআপে করে উচ্চশব্দে গান বাজিয়ে সড়কে চলাচল ও অতিরিক্ত যাত্রী বহন করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বৈধ কাগজ ও হেলমেটে ছাড়া মোটরসাইকেল চালানোয় জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরামপুরের ঢাকা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

তিনি বলেন, প্রতিবছর ঈদ, পহেলা বৈশাখসহ বিভিন্ন অনুষ্ঠানে কিছু উঠতি বয়সের ছেলেরা পিকআপে করে উচ্চশব্দে গান বাজিয়ে হইচই করে সড়ক দিয়ে চলাচল করে। একইসঙ্গে এসব পিকআপে মাত্রাতিরিক্ত যাত্রী বহন করা হয়। যাদের বেশিরভাগই কমবয়সঈ। এছাড়া অপ্রাপ্ত বয়সের ছেলেরা মোটরসাইকেল চালিয়ে বেড়ায়। সেইসঙ্গে অনেক চালক হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়াই যেনতেনভাবে মোটরসাইকেল চালিয়ে বেড়ান। এতে দুর্ঘটনা অনেকাংশে বেড়ে যায়। তাই অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান, এ সময় উচ্চশব্দে গান বাজিয়ে সড়কে চলাচল ও অতিরিক্ত যাত্রীবহন করায় এবং কাগজপত্র ছাড়া চলাচল করাই পিকআপ ও মোটরসাইকেলসহ ২৬ মামলায় ২৬ জনকে ২৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।