হিলিতে চার দিন পর মিলছে অকটেন, পেট্রোল নেই ১০ দিন ধরে

সরবরাহ সংকটের কারণে টানা চার দিন পর সোমবার (৯ মে) থেকে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলির একমাত্র ফিলিং স্টেশনে মিলছে অকটেন। তবে এখনও পাওয়া যাচ্ছে না পেট্রোল। কয়েকদিন পর অকটেন পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে যানবাহন চালকদের মাঝে।

সোমবার সকাল থেকে হিলির সাদুড়িয়া গ্রামে অবস্থিত মেসার্স হিলি ফিলিং স্টেশনে অকটেন বিক্রি শুরু হয়েছে। এর ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন মালিকরা তেল নিতে ফিলিং স্টেশনে ভিড় করছেন। তবে এখনও পেট্রোল বিক্রি শুরু হয়নি।

তেল নিতে আসা মোটরসাইকেল চালক তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলিতে একটিমাত্র ফিলিং স্টেশন রয়েছে, যেখান থেকে তেল নিয়ে থাকি। কিন্তু গত ১০/১১ দিন ধরে পাম্পে এসে তেল পাচ্ছিলাম না। মাঝে কয়েকদিন অকটেন পেলেও এরপর কোনোটাই পাওয়া যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে খোলা বাজার থেকে ১২০ টাকা লিটার হিসেবে তেল কিনতে হয়েছে। আজ থেকে এই পাম্পে তেল পাওয়া যাচ্ছে।’

সুজন হোসেন নামের প্রাইভেটকার চালক বলেন, ‘কয়েকদিন ধরেই হিলি ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন পাওয়া যাচ্ছিল না। একই অবস্থা আশপাশের উপজেলাগুলোর ফিলিং স্টেশনেও। এই জন্য কয়েকদিন গাড়ি বের করিনি। আজ তেল পাওয়া যাচ্ছে এই খবর শুনে নিতে এলাম।’

হিলি ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম রব্বানী বলেন, ‘আমরা ডিপো থেকে তেল সরবরাহ না পাওয়ায় বিক্রি বন্ধ রেখেছিলাম। আগের মজুত শেষ হয়ে যাওয়ায় চার দিন ধরে অকটেন বিক্রি বন্ধ রয়েছে। গতকাল রাতে আমরা ডিপো থেকে সাড়ে চার হাজার লিটার অকটেন পেয়েছি। সেই তেল বর্তমানে বিক্রি করছি। এ ছাড়া পেট্রোল তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত ১০ দিন ধরে বিক্রি বন্ধ রয়েছে।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘সারা দেশের ন্যায় হিলিতেও জ্বালানি তেলের সরবরাহ সংকট ছিল। গতকাল তারা ডিপো থেকে অকটেন পাওয়ায় সংকট কিছুটা কেটেছে। তারপরও আমরা বিষয়টি নজরদারিতে রাখছি, তেল নিয়ে কেউ যদি কারসাজি করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’