পিএইচডিতে ইনক্রিমেন্ট স্থগিত, বেরোবি শিক্ষক সমিতির প্রতিবাদ 

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনকালে ইনক্রিমেন্ট স্থগিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুততম সময়ের মধ্যে ইনক্রিমেন্ট চালুর দাবি জানিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতি।  

সংগঠনটির সভাপতি মো. শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমিতি অবগত হয়েছে যে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের সময় ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রজ্ঞাপনে (স্মারক নম্বর- ৩৭.০১.০০০০.০৫২.২৩.০০০.২১/১৬৫৬) স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

উপর্যুক্ত বিষয়টি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে ইউজিসির এই আদেশের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমরা এই পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক স্থগিতাদেশের বিষয়ে তীব্র প্রতিবাদ জানাই। আমরা মনে করি উচ্চশিক্ষা তথা সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নের পথে এমন সিদ্ধান্ত ও হস্তক্ষেপ বিরূপ প্রভাব ফেলবে। যা সমগ্র দেশ ও জাতির জন্য হবে অকল্যাণকর।

বিবৃতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জন সংক্রান্ত ইনক্রিমেন্ট সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে চালু করার জোর দাবি জানায় শিক্ষক সমিতি।