বাজারে শীতের সবজি সিম আসতে এখনও ঢের বাকি। তবে দিনাজপুরের হিলিতে কাঁচাবাজারে উঠেছে অসময়ের শিম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে।
এছাড়া, বাজারে উঠেছে টমেটো। বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আমদানি হওয়া গাজর বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। অসময়ের সবজির স্বাদ নিতে কেউ কেউ কিনলেও অনেকেই দাম শুনে ফিরে যাচ্ছেন বলে জানান দোকানিরা।
ক্রেতা সিদ্দিক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার (২১ আগস্ট) বাজারে সবজি কিনতে গিয়ে এই মৌসুমে প্রথম শিম দেখতে পেলাম। সাধারণত এখন শিমের মৌসুম নয়, তাই অসময়ের শিমে স্বাদ নিতে ৬০ টাকায় আড়াইশ’ গ্রাম কিনেছি। সঙ্গে টমেটো ও গাজর কিনেছি অল্প পরিমাণে। তবে দামটা বেশি। দাম কমলে সবাই কিনতে পারতো।’
সবজি কিনতে আসা ইসরাফিল আলম বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেশি। এ কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে বাজারে অসময়ের সবজি উঠেছে। দেখে কিনতে ইচ্ছে হলেও, দাম শুনে ইচ্ছে শেষ হয়ে গেছে।’
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। বেশি দামে পণ্য বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে।’