দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে হত্যা মামলার এক আসামি গ্রেফতার হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিরল উপজেলার মুন্সিপাড়া এলাকা থেকে হত্যা মামলার আসামি বাবু খালাসিকে (২০) গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাবু মাদারীপুর জেলার রাজৈর থাকার কাচাবালীর (দশ হাজারপাড়া) এলাকার বাসিন্দা। সে মাদারীপুর জেলার রাজৈর থানার এবাদত মুন্সী হত্যা মামলার আসামি।
র্যাব-১৩ দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পিকনিক সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বন্ধুদের নিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করার বিষয়টি স্বীকার করেছে। আসামি বিরল উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।