একদিনে বেগুনের দাম কেজিতে বাড়লো ১৫ টাকা 

সরবরাহ কমের অজুহাতে মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেগুনের দাম কেজিতে বেড়েছে  ১৫ টাকা। একদিন আগেও প্রতি কেজি বেগুন ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে।  

বাজারে সবজি কিনতে আসা রফিক মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, কিছুদিন ধরে সবজির দাম কমতির দিকে থাকলেও আজ বাজারে এসে দেখি বেগুনের দাম রাতের ব্যবধানেই ১৫ টাকা বেড়ে গেছে। গতকাল যে বেগুন কিনলাম ৩০ টাকা কেজি দরে কিনেছি তাই আজ ৪৫ টাকায় কিনেছি। সবজির দাম এভাবে ওঠা-নামা করলে আমাদের মতো দিন এনে দিন খাওয়া মানুষের জন্য বেশ কষ্ট হয়।  

আরেক ক্রেতা তানভীর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দিন দিন সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। আমাদের মতো গরিব মানুষদের জন্য কারও যেন কোনও চিন্তা নেই। বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও দাম বাড়ছে। এটা আসলে ব্যবসায়ীদের কারসাজি বলে অভিযোগ করেন তিনি।  
 
হিলি বাজারের সবজি ব্যবসায়ী শাহিন ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সাধারণত জয়পুরহাট, বিরামপুর, পাঁচবিবিসহ আশপাশের বিভিন্ন মোকাম থেকে সবজি কিনে এনে হিলিতে বিক্রি করি। সরবরাহ ভালো থাকায় গত কয়েকদিন সবজির দাম কমতির দিকে ছিল। কিন্তু হঠাৎ করে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ায় বেগুনসহ বিভিন্ন সবজির ফলন নষ্ট হয়েছে। এতে বাজারে সরবরাহ কমেছে, বেড়েছে দাম। 

তিনি দাবি করেন, কাঁচামাল নিয়ে কোনও সিন্ডিকেট বা কারসাজি নেই। আমদানি কম হলে দাম বাড়ে, আর পর্যাপ্ত সরবরাহ থাকলে দাম কমে আসে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। কেউ বেশি দামে পণ্য বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।