রড সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আ.লীগ নেতার মৃত্যু

দিনাজপুরের হিলিতে বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে থাকা দোকানের ছাদের রড সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া আব্দুস ছালাম (৫৮) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধাওয়া বাজারে আব্দুস ছালামের ছেলের দোকান রয়েছে। দোকানের ছাদে সন্ধ্যায় হাঁটাহাঁটি করছিলেন ছালাম। এ সময়  বিদ্যুতের তারের সঙ্গে ছাদের একটি রডকে আটকে থাকতে দেখেন। সেটি হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌহিদ আল হাসান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে ছালামের বাঁ হাতসহ শরীরের বাঁ পাশ ঝলসে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ছালামের স্বজনদের অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’