রংপুর নগরীর তাজহাট এলাকায় ২২ মাস বয়সী কন্যাসন্তানকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আলাল ওরফে দুলুকে ছয় বছর পর চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর পশ্চিম খুলসী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে রংপুর র্যাব-১৩।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, নিজ মেয়েকে হত্যা করার পর গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন কারাগারে থাকেন বাবা। পরে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে চট্টগ্রামে চলে যান। সেখানে নাম পরিবর্তন করে আত্মগোপনে থাকেন দীর্ঘদিন।
জানা যায়, গ্রেফতার আলাল ও তার স্ত্রী চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেই সূত্রে তারা চট্টগ্রামে বসবাস করতেন। তাদের ঘরে ২২ মাস বয়সী একটি কন্যাসন্তান ছিল। শিশুটি তার নানির কাছে রংপুরে থাকতো। ২০১৬ সালে ঈদে আলাল তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে যান। একদিন দুপুরে মেয়েকে নিয়ে নিজের বাড়িতে বেড়ানোর কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন আলাল। কিন্তু বিকালবেলায় মেয়েকে নিয়ে ফিরে আসার কথা থাকলেও আসেননি।
পরে শিশুর নানি মোবাইলে যোগাযোগ করলে তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন বলে জানান এবং মেয়ের সঙ্গে নানির কথা বলিয়ে দেন। পরে তার শ্যালক শুভ আলালকে ফোন করলে তিনি ফোন রিসিভ করে উল্টাপাল্টা বলতে থাকেন। আলালের অসংলগ্ন কথা শুনে নানি ও মামা আলালের বাড়িতে যান। কিন্তু আলালের মা, বাবা, ভাই-ভাবি এ ব্যাপারে কিছু বলতে পারেননি।
এর দুদিন পর রংপুর জেলার কোতোয়ালি থানা পুলিশ নগরীর তাজহাট এলাকায় কলাবাগানে একটি শিশুর মরদেহ উদ্ধার করে। পরে শিশুর মা, নানি ও আত্মীয়স্বজন গিয়ে মরদেহ শনাক্ত করেন। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে পোকা ধরা, গলায় একটি দাগ এবং কান ও নাক দিয়ে রক্ত বের হওয়ার দাগ ছিল।
এ ঘটনায় শিশুর নানি বাদী হয়ে কোতোয়ালি থানায় আলাল ও আরও পাঁচ জনকে আসামি করে মামলা করেন। পরে ওই বছরের অক্টোবরে পুলিশ আলালকে গ্রেফতার করে।
পরে আলাল শিশুকন্যাকে হত্যার বিষয়টি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেন। মামলায় ১৫ জনের সাক্ষ্য শেষে আদালত আলালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন। কিন্তু দীর্ঘদিন পর জামিনে মুক্তি পেয়ে আলাল আত্মগোপন করে থাকেন।
সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমান জানান গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-১৩ একটি দল চট্টগ্রামে গিয়ে আসামি আলালকে শুক্রবার রাতে গ্রেফতার করে রংপুরে এনে রবিবার তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।