ব্যবসায়ীর ওপর হামলা: সড়ক অবরোধ করে বিক্ষোভ

ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কুড়িগ্রাম পৌর শহরের সমবায় মার্কেটের ব্যবসায়ীরা। অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

ব্যবসায়ীরা জানান, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সমবায় মার্কেটের সামনে পানের দোকানদার শহিদুলকে থাপ্পড় মারেন আকাশ নামে এক যুবক। পরে ঘটনাটি দেখে ব্যবসায়ী সাদ্দাম হোসেন প্রতিবাদ করে পানের দোকানদারের কাছে আকাশকে ক্ষমা চাইতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই দিন বিকালে আকাশ তার ১৫-২০ জন সহযোগী নিয়ে সংঘবদ্ধ হয়ে হেলমেট পরে মার্কেটে ঢুকে ব্যবসায়ী সাদ্দামকে এলোপাতাড়ি মারধর করেন। বিষয়টি জানাজানি হলে ব্যবসায়ীরা কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে সমবায় মার্কেটের সামনে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন ব্যবসায়ীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা আজিজুল ইসলাম, জালাল হোসেন লাইজু ও ফিরোজ সরকার।

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীর নামে মামলা হলেও এখনও আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। আমরা এই হামলার প্রতিবাদ ও আসামিকে গ্রেফতারের দাবি জানাতে এ কর্মসূচি পালন করছি।’

তবে অভিযুক্ত যুবক পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। 

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আকাশ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’