ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র নিহত

রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় আশিকুর রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

আশিকুর উপজেলা সদরের বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের রেল কলোনি এলাকার তপেল উদ্দিনের ছেলে।

আটকেরা হলেন- আতিকুল ইসলাম, মো. মামুন ও রাহি।

কাউনিয়া থানার ওসি মোন্তাছির বিল্লাহ জানান, শুক্রবার বিকালে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কাউনিয়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আশিকুর সঙ্গে কিশোর গ্যাং লিডার আতিকুলের কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ডে আতিকুলের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় তাকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় আশিকুর মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, তিন জনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।