ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জিন্নাত আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার জগদল সীমান্তে বিজিবি ক্যাম্পের ৩৭৩-৭৪ পিলারের মাঝামাঝি এলাকায় নাগর নদীর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী (৫০) উপজেলার ধর্মগড় চেকপোস্ট কলোনি এলাকার মফিজ উদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ।

পরিবারের বরাত দিয়ে ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘দুপুরে গরুর জন্য ঘাস কাটতে জগদল সীমান্তের ৩৭৪ নম্বর পিলার এলাকায় যান জিন্নাত। ঘাস কাটা শেষে নাগর নদীতে গোসল করার সময় ভারতীয় গোয়ালপুর থানার কুকরাদহ ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে জিন্নাতের কোমরে গুলি লাগে। স্থানীয়রা জিন্নাতকে উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

জিন্নাত আলীর স্বজনরা জানান, ঢাকায় নিরাপত্তাপ্রহরীর চাকরি করতেন জিন্নাত। কয়েকদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন।শনিবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে জগদল সীমান্তে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘জিন্নাত আলী জগদল সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ৩৭৪ নম্বর পিলার এলাকার কাঁটাতারের কাছে চলে যান। তখন ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিজিবির পক্ষ থেকে নিরীহ বাংলাদেশির ওপর গুলি ছোড়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।’